অপ্রিয়,
বলতো প্রাতিষ্ঠানিক পরিক্ষা আর আর বাইরের পরিক্ষার মধ্যে পার্থক্য কি? বাইরের পরিক্ষায় সাজেশান পাওয়া যায় না । সংগ্রহ করে নিতে হয়। আর প্রাতিষ্ঠানিক পরিক্ষার আগে ক্লাসেই জানিয়ে দেয়া হয় । শুধু মনোযোগ দিয়ে শুনতে পারলেই হলো । না, ভুল বললাম । বাইরের পরিক্ষায়ও পাওয়া যায় । কিছু সময়ের সঙ্গের বিনিময়ে কেউ কেউ কষ্ট করে আয় করা মূল্যবান তত্ত্ব দিয়ে দিতে রাজি । কেউবা আরেকটু চালাক।তারা বিনিময়ের মূল্য বাড়িয়ে রাখে । সেটা আক্ষরিক অর্থে হতে পারে । অনলাইন কোর্স যার সার্থক উদাহরণ । কেউবা একটা "সম্পর্ক" নামক মূল্য ঝুলিয়ে দেয় । তত্ত্ব যত গুরুত্বপূর্ন, সেই বিনিময় গ্রহণ করার সম্ভাবনা তত বেশী ।
এ কথা আমি এখন কেন তুলছি? কারণ তুই শুধু শুধুই ভেবে পানি ঘোলা করছিস । এখানে, বিশ্ববিদ্যালয়ে এবং/অথবা জীবনে, আসার মূল লক্ষ্যই অগ্রগতি করা । কে কোন উপায়ে করছে সেটা দেখার বিষয় না । প্রত্যেকে এক একটা গ্রহ । যে যার বলয়ে ঘুরছে । গ্রহ কখনো আরেক গ্রহকে প্রদক্ষিণ করে না। যে করে সে উপগ্রহ । উপগ্রহকে কেউ পাত্তা দেয় না । গ্রহদের গ্রহের মতো ঘুরতে দে। দূরত্ব বজায় রাখ । এটাও একটা পরিক্ষা ।
পৃথিবীর তাবত মানুষ সংখ্যা দিয়ে তোকে বন্দি করে রাখতে চাইছে আর তুই হতে দিচ্ছিস? অন্যের এক্সিলেন্স দেখে হাপিত্যেস করার মানে হয় না । সময় অনেক কম । সর্বোচ্চটা দিয়ে যা । কিন্ত সব ডিম একটা ঝুড়িতে রাখাও যে বোকামি হবে! তাই বলছি ঘাবড়াস না । একের পর এক ঝুড়ি বুনতে থাক । মুরগীটাকে আধার দে ।
আর প্রেম নিয়ে ভাবিস না । তাঁকে তাঁর মতো থাকতে দে। সে মনের মানুষ পেয়ে ভালো আছে ।
ইতি,
তোর ভবিষ্যৎ